হাসপাতাল কর্তৃপক্ষের দাবি নিয়ম মেনেই সেবা দেওয়া হচ্ছে, সিভিল সার্জনের বক্তব্য, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক। চট্টলা এক্সপ্রেস
জমজম হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম কবির অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কেউ যদি হাসপাতালের কোনো কর্মীর অসদাচরণ বা চিকিৎসকের ভুল চিকিৎসার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ করে, তাহলে সংশ্লিষ্ট রোগী ও সাংবাদিকদের উপস্থিতিতে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠানটি বিদ্যমান নিয়ম-কানুন অনুসারেই পরিচালিত হচ্ছে। তাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে হাসপাতালের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়নুল আবেদীন জানান, তিনি ব্যস্ত রয়েছেন। বিস্তারিত জানতে পরদিন সকালে যোগাযোগ করার অনুরোধ করেন।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, অতীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাসপাতালটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে উচ্চ আদালতের স্থগিতাদেশের মাধ্যমে প্রতিষ্ঠানটি পুনরায় কার্যক্রম শুরু করে। তিনি আরও জানান, হাসপাতালটির লাইসেন্স গত দুই বছর ধরে নবায়ন হয়নি বলে সংশ্লিষ্ট দপ্তরের তথ্য রয়েছে।
অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিএক্স/রয়েল






