আনোয়ারায় ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আনোয়ারায় ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক । চট্টলা এক্সপ্রেস

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভবনের ছাদ থেকে নিচে পড়ে আবির (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিম চাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির দেলোয়ার হোসেনের ছেলে। তাদের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার গহিরা এলাকায় হলেও বর্তমানে পরিবারটি পশ্চিম চাল এলাকার গুলবাহার মার্কেটসংলগ্ন সৈয়দ নূরের ভাড়া বাসায় বসবাস করছিল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় আবির তার মায়ের সঙ্গে ভবনের ছাদে অবস্থান করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, রাত সাড়ে ৯টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে চিকিৎসকদের ধারণা।

এ মর্মান্তিক ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের মাতম বিরাজ করছে। পাশাপাশি স্থানীয় এলাকাতেও নেমে এসেছে শোকের ছায়া।

সিএক্স/রয়েল