হাইকোর্টের রায়ে পৃথক দুই মামলায় জামিন পেলেও বিচারাধীন অন্যান্য মামলার কারণে আপাতত কারাগারেই থাকছেন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র।
চট্টলা এক্সপ্রেস ডেস্ক:
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী পৃথক দুই ফৌজদারি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এ সংক্রান্ত জারি করা রুল যথাযথ ঘোষণা করে রোববার এ রায় দেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন থাকায় আপাতত তিনি কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।
আদালত সূত্রে জানা যায়, হত্যাাচেষ্টা এবং ভাঙচুর, হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় জামিন প্রশ্নে গত বছরের ১ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেছিলেন। ওই রুলের ওপর ২৬ জুলাই শুনানি শেষে আদালত রায়ের জন্য দিন নির্ধারণ করেন। রোববার সেই রুল যথাযথ ঘোষণা করে দুই মামলায় জামিন মঞ্জুর করা হয়।
শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন অংশ নেন।
রায়ের পর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের জানান, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে দায়ের হওয়া আইনজীবী হত্যা মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় তার জামিন স্থগিত রয়েছে। এছাড়া বাকি চার মামলার মধ্যে দুটি মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন এবং অপর দুটি মামলার জামিন আবেদন সংক্রান্ত রুলের শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনকে আসামি করা হয়। মামলাটি করেন চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান। পরবর্তীতে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাগারে রয়েছেন।
সিএক্স/রয়েল






