জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, অর্থ ব্যয় হবে জুলাই আহতদের চিকিৎসায়

তথ্য গোপন করে একই বিষয়ে পুনরায় রিট আবেদন করার ঘটনায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী এক মাসের মধ্যে এ অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে জমা দিতে হবে। পরে ওই অর্থ জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যয়ে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানিতে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

আদালতের আদেশের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে অ্যাটর্নি জেনারেল জানান, ঋণখেলাপির তালিকা থেকে অব্যাহতি এবং সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) মর্যাদা পুনর্বহালের লক্ষ্যে জিপিএইচ ইস্পাতের পক্ষ থেকে আগে একটি রিট আবেদন করা হয়েছিল। তবে সেই আবেদন হাইকোর্ট খারিজ করে দেন।

এরপর একই বিষয় আপিল বিভাগের চেম্বার জজ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় নিম্ন আদালতে আবেদন করা হয়। পরে চলমান বিচারিক প্রক্রিয়ার তথ্য গোপন রেখে একই বিষয়ে আবারও হাইকোর্টে রিট দায়ের করা হয়।

বিষয়টি আদালতের নজরে আনা হলে হাইকোর্ট তথ্য গোপনের বিষয়টিকে গুরুতর হিসেবে বিবেচনা করে জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে ৫ কোটি টাকা জরিমানার আদেশ দেন।

আদালত আরও নির্দেশ দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে জমা দিতে হবে। এরপর সেই অর্থ জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের চিকিৎসা ব্যয়ে ব্যবহার করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিএক্স/রয়েল