রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই, বিশৃঙ্খলা হলে মোকাবিলায় প্রস্তুত বিএনপি: মীর হেলাল

‘প্রশাসন প্রশাসনের কাজ করবে, রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপিও প্রস্তুত’ চট্টগ্রামে প্রশাসকের অনুষ্ঠানে হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক:

দেশে কোনো অপশক্তি বিশৃঙ্খলা, অরাজকতা কিংবা উন্নয়নবিরোধী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তা মোকাবিলায় বিএনপি রাজনৈতিকভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেন, দেশবিরোধী কিংবা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় এমন কোনো শক্তি যদি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও মহিলা দল রাজপথে তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

‘রাজপথের ভয় দেখিয়ে লাভ হবে না’

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মীর হেলাল বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের আন্দোলনে পরাজিত শক্তি যদি মনে করে, রাতের আঁধারে নির্বাচিত সংসদ সদস্যদের মতো তারাও বিএনপিকে রাজপথের ভয় দেখিয়ে দমিয়ে রাখতে পারবে, তাহলে তারা ভুল ধারণার মধ্যে রয়েছে।

তিনি আরও বলেন, কোনো অপশক্তির হুমকিতে বিএনপি পিছিয়ে যাবে না। দেশের স্বাধীনতা, উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় দলীয় নেতাকর্মীরা প্রয়োজনীয় ভূমিকা পালনে প্রস্তুত রয়েছেন।

তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন শাহাদাত

চট্টগ্রাম মহানগরের উন্নয়ন কার্যক্রমে ডা. শাহাদাত হোসেনের ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা ও উন্নয়ন ভাবনাকে সামনে রেখেই তিনি নগরের উন্নয়নে কাজ করছেন।

মীর হেলাল বলেন, ছাত্রদল, নগর বিএনপি ও কেন্দ্রীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে ডা. শাহাদাতের। এ ছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশনে কাজ করার সময় তারেক রহমানের মানবিক চিন্তাভাবনা এবং দেশের মানুষের কল্যাণে তাঁর পরিকল্পনা সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন শাহাদাত। সেই ভাবনাগুলো বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন।

চট্টগ্রামের বাইরের মানুষও সহযোগিতা নিতে আসেন শাহাদাতের কাছে

ডা. শাহাদাত হোসেনের জনসম্পৃক্ততা ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতার প্রশংসা করে মীর হেলাল বলেন, শুধু চট্টগ্রাম মহানগর নয়, জেলার বাইরের বিভিন্ন এলাকা থেকেও মানুষ নানা প্রয়োজনে তাঁর কাছে আসেন। নিজের সামর্থ্য অনুযায়ী তিনি তাদের সহযোগিতা করার চেষ্টা করেন।

নিজের সংসদীয় আসনের সিটি করপোরেশনভুক্ত দুটি ওয়ার্ডের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, দক্ষিণ পাহাড়তলী ও জালালাবাদ ওয়ার্ডে প্রায় ১০০ কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে। কয়েক দিন আগে চসিক প্রশাসকের সঙ্গে বৈঠক করে তিনি এসব উন্নয়ন কার্যক্রমের তথ্য সংগ্রহ করেছেন। তবে এত বড় অঙ্কের উন্নয়নকাজ হলেও সেগুলোর প্রচার ও জনসমক্ষে তুলে ধরার ক্ষেত্রে ঘাটতি রয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

চট্টগ্রামের সমস্যা সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে একক কোনো প্রতিষ্ঠানের পক্ষে সব দায়িত্ব পালন সম্ভব নয় উল্লেখ করে মীর হেলাল বলেন, ডা. শাহাদাত হোসেন আন্তরিকভাবে কাজ করলেও তাঁর একার পক্ষে নগরের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়।

এ জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা প্রশাসন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। পাশাপাশি সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদেরও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই চট্টগ্রামকে একটি উন্নত ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি মনে করেন।

চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য আবু সুফিয়ান, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নসরুল কদির।

এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মনোয়ারা বেগম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. ফজলে রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, সিভিল সার্জন মো. সাজেদুর রহমান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, বিএমএ চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরী এবং চসিকের সচিব আশরাফুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।

সিএক্স/রয়েল