লাঠিসোঁটা নিয়ে কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুরের অভিযোগ, ধাওয়া দিয়ে দুজনকে আটক করে পুলিশে দিলেন ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের খাতুনগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স ইলিয়াছ ব্রাদার্সে (এমইবি) হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরের কোতোয়ালী থানাধীন খাতুনগঞ্জের একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন তানজীরুল (২৮) ও অনীক দত্ত (২৭)।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুরে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল খাতুনগঞ্জ এলাকায় প্রবেশ করে। মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকজন লাঠিসোঁটা হাতে এমইবি কার্যালয়ে ঢুকে পড়েন। পরে তাঁরা প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে ভাঙচুর চালান।
হামলার পর জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ীরা তাঁদের ধাওয়া করেন। এ সময় দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মেসার্স ইলিয়াছ ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামসুল আলম। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি।
ঘটনার বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে ব্যবসা প্রতিষ্ঠানটিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তানজীরুল ও অনীক দত্ত নামে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে বিএনপি নেতা শামসুল আলমের ব্যক্তিগত সহকারী মো. শাহ আলমের দাবি, হামলায় প্রতিষ্ঠানের কাচের দরজা, একাধিক কক্ষ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ব্যস্ত পাইকারি বাণিজ্যকেন্দ্র খাতুনগঞ্জে প্রকাশ্যে এমন হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার বিষয়টি এখন পুলিশের তদন্তের ওপর নির্ভর করছে।
সিএক্স/রয়েল






