অপরিচ্ছন্ন পরিবেশ: হান্ডি ও জামান হোটেল এন্ড রেস্টুরেন্টকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।

বুধবার (২৯ জুলাই) সকালে নগরের ওয়াসা এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে।অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, খাদ্যদ্রব্যে তেলাপোকা পাওয়ায় হান্ডি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া পোড়া তেল ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে সিপি ৫ স্টার রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং পুরাতন বেগুনি ও বাসি খাবার বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে জামান রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ জানান, অভিযান চলাকালে প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়। ফলে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানগুলোর মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিএক্স/রয়েল