সড়ক দুর্ঘটনায় দ্রুত সেবা দিতে ৬০ অ্যাম্বুলেন্স, ৪০ মোটরসাইকেল অ্যাম্বুলেন্স

চট্টলা এক্সপ্রেস ডেক্স:

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশে নতুন করে ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। পাশাপাশি মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশকে দেওয়া হয়েছে ৮০টি টহল মোটরসাইকেল।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন বাংলাদেশ রোড সেফটি প্রজেক্টের (বিআরএসপি) আওতায় এসব যানবাহন সেবায় যুক্ত করা হয়েছে।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এসব জরুরি সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম আনুষ্ঠানিকভাবে সেবাগুলোর উদ্বোধন করেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, মহাসড়কে দুর্ঘটনা কমানোর পাশাপাশি দুর্ঘটনার পর আহতদের দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়াই এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য। দেশের প্রথম বহুখাতভিত্তিক এবং ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ অনুসরণকারী এ প্রকল্পে যৌথভাবে কাজ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং স্বাস্থ্য অধিদপ্তর।

মহাসড়কে প্রতি ১০ কিলোমিটারে অ্যাম্বুলেন্স

বিআরএসপি প্রকল্পের আওতায় ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেশের তিনটি গুরুত্বপূর্ণ মহাসড়কের প্রায় ৫০০ কিলোমিটার এলাকায় মোতায়েন করা হবে। এর মধ্যে রয়েছে জয়দেবপুর–হাটিকুমরুল–বগুড়া–রংপুর, হাটিকুমরুল–নাটোর–রাজশাহী এবং জয়দেবপুর–ময়মনসিংহ জাতীয় মহাসড়ক।

পরিকল্পনা অনুযায়ী, প্রায় প্রতি ১০ কিলোমিটার পরপর একটি করে অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা থাকবে। এতে দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক ও জরুরি চিকিৎসা দেওয়ার সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ঢাকায় ৪০ মোটরসাইকেল অ্যাম্বুলেন্স

রাজধানীতে দুর্ঘটনার পর দ্রুত রোগী হাসপাতালে পৌঁছে দিতে চালু হয়েছে ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স। সংশ্লিষ্টরা বলছেন, যানজটের কারণে অনেক সময় প্রচলিত অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে। তুলনামূলকভাবে ছোট আকারের মোটরসাইকেল অ্যাম্বুলেন্স সেই সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জরুরি রোগী পরিবহনে সহায়ক হবে।

হাইওয়ে পুলিশের জন্য ৮০ টহল মোটরসাইকেল

মহাসড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, নজরদারি বাড়ানো এবং দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশকে ৮০টি টহল মোটরসাইকেল দেওয়া হয়েছে। এসব মোটরসাইকেলের মাধ্যমে পুলিশের টহল কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস।

এ ছাড়া অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান ডিভিশনের পরিচালক এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএক্স/রয়েল