নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগর যুবদল এবং অধীনস্থ সব থানা ও ওয়ার্ড কমিটি পুনর্বহাল করেছে কেন্দ্রীয় যুবদল। মঙ্গলবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় চট্টগ্রাম মহানগর যুবদলসহ মহানগরের আওতাধীন সব থানা ও ওয়ার্ড পর্যায়ের পূর্বে বিলুপ্ত কমিটিগুলো পুনর্বহাল করা হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে বিভিন্ন সাংগঠনিক কারণে চট্টগ্রাম মহানগর যুবদল এবং এর অধীন থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে বিলুপ্ত এসব কমিটি আবারও সাংগঠনিক কার্যক্রম চালানোর সুযোগ পেল।
দলীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ জুন মোশাররফ হোসেনকে সভাপতি এবং মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি ঘোষণা করা হয়। একই বছরের ৪ অক্টোবর ওই কমিটির পরিধি বাড়িয়ে ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
পরবর্তীতে কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর যুবদলের পাশাপাশি এর আওতাধীন থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোও বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল।
দীর্ঘদিন পর কেন্দ্রীয় সিদ্ধান্তে আগের কমিটিগুলো পুনর্বহাল হওয়ায় চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রম নতুন করে গতিশীল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সিএক্স/রয়েল






