চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
বুধবার গভীর রাতে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং গুলিসহ আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের তথ্য অনুযায়ী, যশোর থেকে ডেভিড ইমনসহ চারজনকে বুধবার রাতে চট্টগ্রামে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র মজুদের বিষয়ে তথ্য দেন। পরে সেই তথ্যের ভিত্তিতে পুলিশের বিশেষ দল ফটিকছড়িতে অভিযান চালায়।
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম জানান, ডেভিড ইমনের দেওয়া তথ্য যাচাই করে অভিযানে উল্লেখিত অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, ব্যবহার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অস্ত্রের নেটওয়ার্ক ও সহযোগীদের শনাক্তে অভিযান চলমান রয়েছে।
সিএক্স/রয়েল






