রাঙ্গুনিয়ায় দাঁড়িয়ে থাকা টমটমে সিএনজি অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল যাত্রীর

রাঙ্গুনিয়ায় দাঁড়িয়ে থাকা টমটমে সিএনজি অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল যাত্রীর

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় মাওলানা নুরুল হক কালাচাঁন (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দাঁড়িয়ে থাকা একটি টমটমে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি হরিণগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল হক মরিয়মনগর ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি একজন আলেম হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের পাশে গাছবোঝাই একটি টমটম দাঁড়িয়ে ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী নুরুল হক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সিএক্স/রয়েল