যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, সংবাদ সম্মেলনে আসছে বিস্তারিত

চট্টগ্রামের একাধিক হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলার পলাতক আসামি মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোররাতে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম জানান, ডেভিড ইমনকে গ্রেপ্তারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে অভিযান চলছিল। তিনি বলেন, অভিযানে ইমনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো অভিযান শেষ হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

পুলিশের তথ্যমতে, ডেভিড ইমন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সাজ্জাদের হয়ে চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।

সম্প্রতি নগরীর একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে বিপুল অঙ্কের চাঁদা দাবির ঘটনায় ডেভিড ইমনের নাম আলোচনায় আসে। অভিযোগ রয়েছে, বাকলিয়া এলাকার ‘ডিজিটাল ডট নেট (ডিডিএন)’ নামের প্রতিষ্ঠানের মালিকের কাছে এককালীন দুই কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি পূরণ না হওয়ায় প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

ঘটনার পর র‍্যাব ও পুলিশ পৃথকভাবে তদন্ত ও অভিযান শুরু করে। তদন্তে হামলায় অংশ নেওয়া কয়েকজনকে গ্রেপ্তার করা হলে জিজ্ঞাসাবাদে উঠে আসে, হামলায় অংশ নেওয়া অনেক যুবককে অল্প টাকার বিনিময়ে ভাড়া করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, পুরো ঘটনার নেপথ্যে ডেভিড ইমনের সম্পৃক্ততা ছিল।

এর ধারাবাহিকতায় গত ২৭ জুলাই বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনের দুই সহযোগী আসিফ ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সহযোগীদের গ্রেপ্তারের দুই দিনের মাথায় এবার যৌথ অভিযানে ডেভিড ইমনও পুলিশের হাতে ধরা পড়লেন। তাকে ঘিরে পরিচালিত অভিযানের বিস্তারিত তথ্য আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

 

সিএক্স/রয়েল