গুরুতর মামলার দ্রুত তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ পুলিশ সদর দপ্তরের

হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মতো গুরুতর অপরাধের মামলাগুলোর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে এসব মামলার তদন্ত দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) পুলিশ সদর দপ্তরের আয়োজনে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম।

সভায় দেশের বিভিন্ন মেট্রোপলিটন পুলিশ ইউনিট, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রেলওয়ে পুলিশ এবং বিভিন্ন রেঞ্জ ও জেলা পুলিশের কর্মকর্তারা ভার্চ্যুয়ালি অংশ নেন। পুলিশ সদর দপ্তরে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সব ইউনিটকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মতো স্পর্শকাতর মামলাগুলোর তদন্তে গতি বাড়িয়ে দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

এ সময় জুন মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উল্লেখযোগ্য অপরাধের চিত্র পর্যালোচনা করা হয়।পাশাপাশি ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ ও অপহরণ মামলার তদন্তের অগ্রগতি, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, বিচারিক অগ্রগতি এবং দণ্ডাদেশের হার নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সিএক্স/রয়েল