ছাদে ছাদে সৌরবিদ্যুৎ, বাড়তি আয়ের সম্ভাবনা—‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ উদ্বোধন প্রধানমন্ত্রীর

‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’ প্রতিপাদ্যে দুই দিনের আয়োজন, পুরস্কার বিতরণ ও উদ্ভাবনী প্রযুক্তি পরিদর্শন তারেক রহমানের 

নিজস্ব প্রতিবেদক:

দেশের অব্যবহৃত ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে লাগিয়ে বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এক্সপোর মূল লক্ষ্য হচ্ছে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো, ছাদভিত্তিক সোলার ব্যবস্থা সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করা।

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এক্সপোতে সৌরবিদ্যুৎ উৎপাদন, ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণ এবং আধুনিক জ্বালানি প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন তুলে ধরা হচ্ছে। পাশাপাশি এসব প্রযুক্তির বাণিজ্যিক সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ এবং বাস্তব প্রয়োগ নিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রধানমন্ত্রী ‘স্ফুরণ: টেকসই জ্বালানি উদ্ভাবনের খোঁজে ২০২৬’ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিজয়ীদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন তিনি। এর আগে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্ভাবনা ও ব্যবহার নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী এক্সপোর বিভিন্ন স্টল ও প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় সৌরবিদ্যুৎ প্রযুক্তি, নতুন উদ্ভাবন এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক উদ্যোগ নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

সংশ্লিষ্টদের মতে, দেশের আবাসিক ভবন, বাণিজ্যিক স্থাপনা ও শিল্পকারখানার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ করা গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমানোর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়ানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ খাতে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান এবং বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনাও রয়েছে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও টেকসই উন্নয়নের লক্ষ্য সামনে রেখে সরকারি-বেসরকারি অংশীজনদের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা নিয়েই আয়োজিত হচ্ছে দুই দিনের এই সোলার এক্সপো।

সিএক্স/রয়েল