গুজব ছড়ানো অনিবন্ধিত নিউজ পোর্টাল ও ফেসবুক পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

চট্টলা ডেক্স:

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সংশ্লিষ্ট পেজ ও প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানোর সঙ্গে জড়িত সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জনস্বার্থে দায়ের করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজসিক আল জলিলবিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।

রিটে বলা হয়, বিভিন্ন অনিবন্ধিত অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ব্যবহার করে যাচাই-বাছাইহীন গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা বাড়ছে। এ ধরনের প্রচারণা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়।

শুনানি শেষে হাইকোর্ট বিটিআরসি চেয়ারম্যানকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।

আদালতের প্রশ্ন

অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে গুজব এবং মিথ্যা তথ্য প্রচার বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং সংশ্লিষ্ট মাধ্যমগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে।

সিএক্স/রয়েল