নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন নিউ মার্কেটের বি ব্লকের তৃতীয় তলায় একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে নিউ মার্কেটের বি ব্লকের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে নন্দনকানন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কার্যক্রম শুরু করে।
নন্দনকানন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, নিউ মার্কেটের বি ব্লকের তৃতীয় তলায় একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিএক্স/রয়েল






