কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র কোরআন-হাদিসে কোরবানির গুরুত্ব অপরিসীম। এই দিনটিতে সামর্থ্যবান মুসলমানরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য পশু কোরবানি করেন। রাসুল (সা.) হিজরতের পর প্রতি বছর কোরবানি করেছেন।
মদিনার জীবনে মহানবী (সা.) কখনো কোরবানি ত্যাগ করেননি। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, ‘রাসুল (সা.) মদিনায় ১০ বছর অবস্থান করেছেন। প্রতিবছরই তিনি কোরবানি করেছেন।’ (তিরমিজি, হাদিস : ১৪৪৯)
জিলহজ মাসের ১০ তারিখ থেকে ১২ তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত মোট তিন দিন কোরবানির সময়। তবে সবচেয়ে উত্তম হলো প্রথম দিন কোরবানি করা। এরপর দ্বিতীয় দিন এরপর তৃতীয় দিন।
কেউ যদি কোরবানির দিনগুলোতে অর্থাৎ জিলহজের ১০, ১১ ও ১২ তারিখে ওয়াজিব কোরবানি দিতে না পারে তাহলে তাহলে তার ওপর সদকা আরোপ করে ইসলাম। সদকার পরিমাণ পশু ক্রয় করা বা না করার ওপর নির্ভর করে।





