শ্রমিকদের মজুরি ১-২ মাসের মধ্যে নির্ধারণ হবে, বিশৃঙ্খলার পেছনে সীমান্তের ওপারের মহল: প্রধানমন্ত্রী

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ড আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে একটি মহল সীমান্তের ওপার থেকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।

চট্টলা এক্সপ্রেস ডেক্স:

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, পোশাকশ্রমিকদের বেতন-ভাতা নিয়ে বেশ কিছু দাবি রয়েছে। সরকার সেসব দাবি পর্যালোচনা ও বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে ইতোমধ্যে মজুরি বোর্ড পুনর্গঠন করেছে। বোর্ড কাজও শুরু করেছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার আন্তরিক। তবে শ্রমিকদের ন্যায্য দাবিকে সামনে রেখে কিছু ব্যক্তি ও গোষ্ঠী শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তাঁর অভিযোগ, দেশের বাইরে, বিশেষ করে সীমান্তের ওপারে অবস্থানরত একটি মহল এ ধরনের বিশৃঙ্খলার পেছনে কলকাঠি নাড়ছে।

তিনি আরও বলেন, প্রকৃত শ্রমজীবী মানুষ কখনো নিজের কর্মসংস্থানের জায়গা কিংবা শিল্পপ্রতিষ্ঠানের ক্ষতি চাইবেন না। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমে কারখানায় হামলা, ভাঙচুর, যানবাহন ও উৎপাদন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করার খবর এসেছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শ্রমিকদের ন্যায্য দাবির সঙ্গে এক করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

দেশের শিল্পকারখানাকে জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কারখানা ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন শ্রমিক ও তাঁদের পরিবার। কর্মসংস্থান সংকুচিত হওয়ার পাশাপাশি শ্রমিকদের সন্তানদের ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে পড়বে। তাই শিল্পের নিরাপত্তা রক্ষায় শ্রমিক, মালিক ও সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান 

দেশের শিল্প ও অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বর্তমান সরকার মানুষের ভাগ্য পরিবর্তন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্প-বাণিজ্যের প্রসারে পরিকল্পনা নিয়ে কাজ করছে। কিন্তু একটি মহল সেই উদ্যোগ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, দেশের শ্রমজীবী মানুষকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক ও গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো ভবিষ্যতেও দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে যেকোনো ষড়যন্ত্রের জবাব দেবে।

এর আগে বিগত ১৫-১৬ বছরের শাসনামলের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সে সময় মানুষের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে এবং দেশের অর্থ-সম্পদ বিদেশে পাচার হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত মহলের একটি অংশ দেশের বাইরে থেকে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

নতুন মজুরি কাঠামো কার্যকরের অপেক্ষায় শ্রমিকরা 

উল্লেখ্য, তৈরি পোশাক খাতে সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। পরবর্তী মাস থেকে কার্যকর হওয়া ওই বেতন কাঠামোর নির্ধারিত মেয়াদ চলতি নভেম্বর মাসে শেষ হচ্ছে।

এদিকে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে সাম্প্রতিক অসন্তোষের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর সরকার পোশাকশিল্পের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে। বুধবার বোর্ডের প্রথম সভা শেষে জানানো হয়, নতুন বেতন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী শ্রমিকরা জানুয়ারি মাসে নতুন বেতন হাতে পেতে পারেন।

মোংলা বন্দরের একটি কর্মসূচি শেষ করে সড়কপথে খুলনার উদ্দেশে যাত্রাকালে প্রধানমন্ত্রী বাগেরহাটের কাটাখালীতে আয়োজিত পথসভায় বক্তব্য দেন।

সিএক্স/রয়েল