পেশাগত মর্যাদা, নিরাপত্তা, অধিকার ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস সরকারের যৌক্তিক দাবি পর্যায়ক্রমে সমাধানের প্রতিশ্রুতি
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও জীবনমান উন্নয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি বলেছেন, সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত না হলে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সম্ভব নয়। সাংবাদিকরা সমাজের বিবেক এবং গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, তাঁদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের যৌক্তিক দাবি, পেশাগত সমস্যা ও বিদ্যমান চ্যালেঞ্জগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এসব সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক জাহিদুল করিম কচি ও অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত জীবনের নানা সংকট, অধিকার ও কল্যাণমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্ব পালন করতে গিয়ে মাঠপর্যায়ে অনেক সাংবাদিককে হুমকি, হয়রানি ও হামলার ঝুঁকিতে পড়তে হয়। এ পরিস্থিতি মোকাবিলায় পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
একই সঙ্গে সাংবাদিকদের ন্যায্য সম্মানী, চাকরির নিশ্চয়তা এবং পেশাগত মর্যাদা রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তাঁরা।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ভূমিকা প্রসঙ্গে বক্তারা বলেন, অসুস্থ, অসচ্ছল, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও অবসরপ্রাপ্ত সাংবাদিকদের সহায়তা প্রদানের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও কার্যকর করা প্রয়োজন। প্রকৃত অসহায় সাংবাদিকরা যেন হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সহায়তা পান, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া পরিবর্তিত গণমাধ্যমব্যবস্থা ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত মানোন্নয়নের ওপর জোর দেন সভায় অংশগ্রহণকারীরা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, সাংবাদিকদের পাশে প্রশাসন সব সময় থাকবে। সাংবাদিক ও প্রশাসনের মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় ও সহযোগিতা বাড়লে জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম আরও গতিশীল হবে।
সভায় চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ ও তরুণ সাংবাদিক, সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের সমস্যা ও অধিকার নিয়ে আলোচনাগুলো কেবল আনুষ্ঠানিক বক্তব্যে সীমাবদ্ধ থাকবে না। বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের মাধ্যমে সাংবাদিক সমাজের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বাস্তব অগ্রগতি আসবে।
সিএক্স/রয়েল






