ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার সকালে পল্লবীর বিভিন্ন পোশাক কারখানার সামনে জড়ো হওয়া শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ।
এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা সৃষ্টি হয়। অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুরের পূরবী সিনেমা হলের গলিতে অবস্থিত কয়েকটি পোশাক কারখানার সামনে শ্রমিকদের জড়ো হতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয়।
সেখানে উপস্থিত এক নারী শ্রমিক বলেন, ‘আমরা নিজেদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছি। কিন্তু কোনো গণমাধ্যম আমাদের সাক্ষাৎকার নেয় না।’ তিনি আরও বলেন, ‘আমরা পরিচয়পত্র গলায় ঝুলিয়ে আন্দোলন করি। আমরা শ্রমিক, আমাদের কাছে লাইটার আসবে কোথা থেকে? গাড়িতে যারা আগুন দিয়েছে, তারা বাইরের মানুষ।’
এদিকে, একদল শ্রমিকের অভিযোগ, নিরাপদে কাজের পরিবেশ নিশ্চিত করার দাবিতে তারা কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে কথা বলতে এসেছিলেন। এ সময় পুলিশ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে সেখান থেকে সরিয়ে দেয়। এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, শ্রমিকরা আসছেন। আমি নিজে পুলিশ ফোর্সসহ উপস্থিত আছি। এমন কোনো ঘটনা নেই। অন্যদিকে, সকাল থেকেই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়।






