বুধবার সকাল থেকে সারা দেশে অনির্দিষ্টকালের বেসরকারি অ্যাম্বুল্যান্স ধর্মঘট

পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি অ্যাম্বুল্যান্স চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুল্যান্স মালিক কল্যাণ সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার সংগঠনের সভাপতি ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক বাদল মাদবরের স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে ধর্মঘটের বিষয়টি জানানো হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক বাদল মাদবর বলেন, দীর্ঘ সময় ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দাবি জানানো হলেও সেগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এ কারণে সংগঠনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি, বুধবার সকাল ৬টার পর থেকে দেশের কোথাও কোনো বেসরকারি অ্যাম্বুল্যান্স পরিচালিত হবে না।

সংগঠনের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে অ্যাম্বুল্যান্স পরিচালনার জন্য সুস্পষ্ট বাণিজ্যিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, সরকারি হাসপাতালগুলোতে নির্দিষ্ট পার্কিং সুবিধা নিশ্চিত করা, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অ্যাম্বুল্যান্স থেকে টোল আদায় বন্ধ, লাশবাহী ফ্রিজিং ভ্যান ও অ্যাম্বুল্যান্সের সব ধরনের টোল সম্পূর্ণ প্রত্যাহার এবং রোগীবাহী অ্যাম্বুল্যান্সে সার্বক্ষণিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

ধর্মঘট কার্যকর হলে জরুরি রোগী পরিবহনে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে দুর্ঘটনায় আহত ব্যক্তি, সংকটাপন্ন রোগী এবং আন্তঃজেলা রোগী স্থানান্তর এর ক্ষেত্রে ভোগান্তি বাড়তে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

সিএক্স/রয়েল