পটিয়ার এস আলম কলেজে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা উদ্বোধন করলেন এমপি এনাম

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করাও জরুরি: এমপি এনামুল হক এনাম

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের পটিয়ায় এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা চালু করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে এ ব্যবস্থা চালু করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ পানির ব্যবস্থার উদ্বোধন করেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য বলেন, এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ পটিয়ার একটি সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও সমান গুরুত্ব পাওয়া প্রয়োজন। নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা শিক্ষার্থীদের সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পানির সংকটের বিষয়টি জানানো হচ্ছে। এ সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট পর্যায়ে কাজ চলছে। শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের পড়াশোনার খোঁজখবর নেন এবং মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে লেখাপড়া করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোজাম্মেল হক, অ্যাডভাইজার অধ্যাপক নুরুল হুদা এবং অভিভাবক প্রতিনিধি মিশকাত আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহেরসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সিএক্স/রয়েল