দুই বছরে চসিকের দেনা কমেছে ২৭১ কোটি টাকা, ব্যাংকে জমা ২০০ কোটি, সামনে আরও বড় পরিকল্পনা: শাহাদাত

দায়িত্ব নেওয়ার সময় দেনা ছিল ৫৯৬ কোটি, বর্তমানে ৩২৫ কোটি টাকা | ২ হাজার ৪০০ কোটি টাকার উন্নয়নকাজ, ১০ লাখ বৃক্ষরোপণ ও নগর সরকার প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানালেন ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আর্থিক ব্যবস্থাপনায় গত দুই বছরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন সংস্থাটির প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন। দায়িত্ব গ্রহণের সময় চসিকের দেনার পরিমাণ ছিল ৫৯৬ কোটি টাকা। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৩২৫ কোটি টাকায়। পাশাপাশি সংস্থার ব্যাংক হিসাবে জমা রয়েছে প্রায় ২০০ কোটি টাকা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে পাওনা ২৫০ কোটি টাকা আদায় করা সম্ভব হলে আর্থিক সক্ষমতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিজের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরতে গিয়ে এসব তথ্য জানান চসিক প্রশাসক।

অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বলেন, দায়িত্ব নেওয়ার সময় সংস্থাটির আর্থিক ব্যবস্থাপনা বেশ চ্যালেঞ্জের মুখে ছিল। আয় বাড়ানো, ব্যয় নিয়ন্ত্রণ এবং রাজস্ব আদায়ে কার্যকর পদক্ষেপের ফলে দেনার বোঝা কমানো সম্ভব হয়েছে। পৌর কর আদায়ের ক্ষেত্রেও অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে চসিক।

সড়ক ও অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৪০০ কোটি টাকা

নগরের যোগাযোগব্যবস্থা ও নাগরিক অবকাঠামোর উন্নয়নে গত দুই বছরে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে বলে জানান তিনি। নগরের ৪৩টি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নকাজ চলমান রয়েছে। সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ৭৬৯ কিলোমিটার সড়ক উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জলাবদ্ধতা নিরসনে ৪০ খাল নিয়ে নতুন পরিকল্পনা

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে নালা ও খাল পরিষ্কারের জন্য ৪৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। পাশাপাশি ৪০টি খালকে কেন্দ্র করে নতুন উন্নয়ন প্রকল্পের প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলছে।

ডা. শাহাদাত বলেন, এক দিনে সর্বোচ্চ ৪২০ মিলিমিটার এবং সাত দিনে ১ হাজার ৪৫০ মিলিমিটার বৃষ্টিপাতের পরও নগরে বড় ধরনের বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। তবে পাঁচ থেকে ছয়টি স্থানে জলাবদ্ধতার সমস্যা দেখা দিয়েছে। চলমান খনন ও সংস্কারকাজ সম্পন্ন হলে পানি নিষ্কাশন পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করছেন তিনি।

নাগরিক অভিযোগ নিষ্পত্তিতে চট্টগ্রাম অ্যাপ

নাগরিকদের ভোগান্তি কমাতে চালু করা হয়েছে চট্টগ্রাম অ্যাপ। এ পর্যন্ত অ্যাপটিতে ২০ হাজার ২২৭ জন নিবন্ধন করেছেন। নাগরিকদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ নিয়ে জমা পড়া ৭ হাজার ১২০টি আবেদনের মধ্যে ৪ হাজার ২২২টি ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

৫৮ হাজার আবেদনকারীর মধ্য থেকে ১৫৭ জনের নিয়োগ

চাকরিতে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন চসিক প্রশাসক। তিনি জানান, ডিজিটাল চাকরির পোর্টালের মাধ্যমে প্রায় ৫৮ হাজার ৮৯২ জন আবেদনকারীর মধ্য থেকে লিখিত পরীক্ষার ভিত্তিতে ১৫৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগে ঘুষ কিংবা অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি বলেন, কেউ সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারলে তিনি পদত্যাগ করতেও প্রস্তুত।

৪১ ওয়ার্ডে খেলার মাঠ, ১০ লাখ গাছ লাগানোর লক্ষ্য

নগরের শিশু-কিশোর ও তরুণদের জন্য খেলাধুলার পরিবেশ তৈরিতে ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ১১টি মাঠের কাজ প্রায় শেষ পর্যায়ে। বাকি ৩০টি মাঠ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরকে সবুজায়নের আওতায় আনতে ১০ লাখ গাছ লাগানোর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে দুই লাখ গাছ রোপণ করা হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রামের উন্নয়নে প্রয়োজন নগর সরকার

চট্টগ্রামকে একটি পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে নগর সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন ডা. শাহাদাত। তাঁর মতে, নগরের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা উন্নয়ন কার্যক্রমের অন্যতম বাধা। এ সমস্যা দূর করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একটি সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনা প্রয়োজন।

এ ছাড়া পতেঙ্গা থেকে দেওয়ানহাট পর্যন্ত সড়ক উন্নয়ন, দেওয়ানহাট সেতু পুনর্নির্মাণ, চড়ভাকলিয়ায় ১২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন, পাখির অভয়ারণ্য, ইকোপার্ক ও কেবল কার নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

স্বাস্থ্যসেবা ও শিক্ষায় নতুন উদ্যোগ

নগরবাসীর চিকিৎসাসেবা সহজলভ্য করতে রেলওয়ে হাসপাতালে ১০০ শয্যার হাসপাতাল স্থাপনসহ মোহরা ও পতেঙ্গায় নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান চসিক প্রশাসক।

শিক্ষা খাতে প্রতিবছর ৮০ থেকে ৯০ কোটি টাকা ব্যয়কে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় চালু করা হয়েছে স্কুল স্বাস্থ্যকার্ড। এর মাধ্যমে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ২০টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবায় ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে।

পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে

অনুষ্ঠানে নগরবাসীর সহযোগিতা কামনা করে ডা. শাহাদাত বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলা শুধু সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সদস্যসচিব নাজিমুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন।

চসিকের দুই বছরের এই কর্মকাণ্ডের বিবরণে আর্থিক সাশ্রয়, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার নানা উদ্যোগ উঠে এসেছে। তবে এসব পরিকল্পনার প্রকৃত সুফল নগরবাসীর কাছে কতটা পৌঁছায়, বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, সড়কের স্থায়িত্ব, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবায় কতটা দৃশ্যমান পরিবর্তন আসে সেটিই হবে আগামী দিনের মূল্যায়নের গুরুত্বপূর্ণ মানদণ্ড।

সিএক্স/রয়েল