নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে ১৬ এপিবিএনের আওতাধীন বিভিন্ন ক্যাম্প এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, র্যাব, ব্যাটালিয়ন আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৬৫ সদস্য অংশ নেন।
অভিযান সূত্রে জানা যায়, ছয় মাসের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মামলায় চারটি ওয়ারেন্টভুক্ত এক আসামিকেও আটক করা হয়। এছাড়া নিয়মিত মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে দুটি এবং অপর দুজনের বিরুদ্ধে একটি করে ওয়ারেন্ট রয়েছে।
অন্যদিকে, অনলাইন জুয়া, সরকারি কাজে বাধা এবং পুলিশি দায়িত্ব পালনে প্রতিবন্ধকতাসহ বিভিন্ন অপরাধে জড়িত সাতজনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে মোট সাতটি ওয়ারেন্ট তামিলের পাশাপাশি একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সিএক্স/রয়েল






