কেইপিজেড ও চট্টগ্রাম-কর্ণফুলী ইপিজেডের শিল্পকারখানার উৎপাদন, বিনিয়োগ, কর্মপরিবেশ ও শ্রমিক কল্যাণ কার্যক্রমও পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে বিনিয়োগ এবং শিল্পকার্যক্রম শুরুর অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার। এ সময় তিনি জানান, আগামী ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর লক্ষ্য সামনে রেখে কাজ এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই কারখানাটির উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) সকালে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) পরিদর্শন করেন বিজন কান্তি সরকার ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার। পরে বেলা সাড়ে ১২টার দিকে তারা আনোয়ারার চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে গিয়ে সংশ্লিষ্ট দেশি-বিদেশি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিল্পাঞ্চলটির উন্নয়ন, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং কার্যক্রম শুরুর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
পরিদর্শন শেষে বিজন কান্তি সরকার বলেন, চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের কার্যক্রম দ্রুত শুরু করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের পরিকল্পনার কথা জানিয়েছেন। শিল্পকার্যক্রম পরিচালনার জন্য পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা হয়েছে। এসব বিষয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
প্রথম কারখানা চালুর অগ্রগতি সম্পর্কে তিনি আরও বলেন, ১৮ মাসের মধ্যে কারখানা চালুর যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই উৎপাদন শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও মুখ্যসচিব উভয়ই বৃক্ষরোপণ করেন।
চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডের কার্যক্রম পরিদর্শন
একই দিনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার চট্টগ্রাম ও কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) বিভিন্ন শিল্পকারখানার উৎপাদনব্যবস্থা, বিনিয়োগ পরিস্থিতি, কর্মপরিবেশ ও শ্রমিক কল্যাণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য (প্রকৌশল) আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল মো. মহসীন হাসান এবং চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরিফুল ইসলাম অতিথিদের বেপজার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তাঁরা বিনিয়োগ, রপ্তানি, কর্মসংস্থান, অবকাঠামোগত সুযোগ-সুবিধা, শ্রমিক কল্যাণ এবং পরিবেশবান্ধব শিল্পায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় অতিথিরা চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক জিন্স লিমিটেড ও তালিসমান পারফরমেন্স লিমিটেড এবং কর্ণফুলী ইপিজেডের কেনপার্ক অ্যাপারেলস (হিরদারামানি বাংলাদেশ) ও পার্ক বিডির কারখানা পরিদর্শন করেন। তাঁরা কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, শ্রমিকদের কর্মপরিবেশ এবং তাঁদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে বেপজার আওতাধীন শিল্পাঞ্চলগুলোর সুশৃঙ্খল ব্যবস্থাপনা, রপ্তানিমুখী উৎপাদন কার্যক্রম এবং বিনিয়োগবান্ধব পরিবেশে সন্তোষ প্রকাশ করেন অতিথিরা। পাশাপাশি দেশের রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিকল্পিত শিল্পায়নে বেপজার গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন তাঁরা।
এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ নুরজাহান খানম, পরিচালক-১ ফাহমিদ ফারহান এবং চট্টগ্রামের ব্যবসায়ী সৌরভ প্রিয় পাল, রয়েল কুমার পাল সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিল্পায়ন ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
চট্টগ্রামের শিল্পাঞ্চলগুলোতে নতুন বিনিয়োগ এবং উৎপাদন কার্যক্রমের সম্প্রসারণ স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে নির্ধারিত সময়ের মধ্যে প্রথম কারখানা চালু হলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি দেশের রপ্তানিমুখী শিল্পের পরিসর সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।
তবে এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজনীয় অবকাঠামো ও পানি, গ্যাস, বিদ্যুতের মতো ইউটিলিটি সেবা নিশ্চিত করা এবং নির্ধারিত সময় অনুযায়ী কারখানার উৎপাদন কার্যক্রম শুরু করা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিএক্স/রয়েল






