চট্টগ্রামে ছাত্রদল নেতার বাসায় ‘ক্রেতা’ সেজে পুলিশের অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীতে মাদকবিরোধী অভিযানে এক ছাত্রদল নেতার বাসা থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আবু শাকিল (৩৩) নামে ওই ছাত্রদল নেতা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে মদ রাখা ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর বন্দর থানার কে বি দোভাষ লেন এলাকায় শাকিলের বাসায় এ অভিযান চালানো হয়।

পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা গেছে, মোহাম্মদ আবু শাকিল বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গোসাইলডাঙ্গা এলাকায় মদ কেনাবেচার তথ্য পাওয়ার পর পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি দল বিষয়টি যাচাইয়ে অভিযান চালায়।

পুলিশের ভাষ্য, সদস্যরা ক্রেতার পরিচয়ে ওই এলাকায় গেলে তাদের শাকিলের বাসায় নিয়ে যাওয়া হয়। পরে তার শোবার ঘরে তল্লাশি চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৯৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আবু শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে সেখান থেকে পুষ্পেন ব্যানার্জি (৫৮) ও শামসুল ইসলাম (৪৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন সেখানে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় বন্দর থানায় মামলা করা হয়েছে। পলাতক আবু শাকিলকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ছাত্রদল নেতাকে বহিষ্কার

এদিকে পুলিশের অভিযানের ঘটনার পর সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে ছাত্রদল। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ আবু শাকিলকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম এবং সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুলিশের মামলায় অভিযুক্ত শাকিল বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

সিএক্স/রয়েল