চট্টলা এক্সপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৯ আগস্ট (রোববার) চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় দিনব্যাপী সরকারি সফর করবেন। সফরকালে তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শনের পাশাপাশি চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে একাধিক সরকারি, উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, তিনি সকাল ৮টা ৪৫ মিনিটে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। এরপর সকাল ৯টায় বিমানযোগে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টা ৩০ মিনিটে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।
সেখানে কর্মসূচি শেষে দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালীর উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ২০ মিনিটে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখবেন এবং পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করবেন।
পরে দুপুর ১টা ১৫ মিনিটে ফটিকছড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। দুপুর ২টায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে আল্লামা মহিউল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
এরপর বিকেল ২টা ৩০ মিনিটে হাটহাজারীর উদ্দেশ্যে রওনা হয়ে বিকেল ৩টা ১৫ মিনিটে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন। পরে বিকেল ৪টায় হাটহাজারী ডাক বাংলোয় সংক্ষিপ্ত সময়ের জন্য অবস্থান ও বিশ্রাম নেবেন।
সন্ধ্যা ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বক্তব্য রাখবেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সড়কপথে চট্টগ্রাম সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা হয়ে ৬টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছাবেন।
এরপর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভা শেষে রাত ৮টায় সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেবেন।
রাত ৯টা ৩০ মিনিটে তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। রাত ১০টা ৩০ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে রাত ১০টা ৪০ মিনিটে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রয়োজনবোধে সফরের সময়সূচি ও কর্মসূচিতে পরিবর্তন আনা হতে পারে। সফরকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা তাঁর সঙ্গে থাকবেন।
সিএক্স/রয়েল





