পতেঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি রেস্তোরাঁকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সবচেয়ে বেশি ৬০ হাজার টাকা জরিমানা করা হয় হোটেল পতেঙ্গাকে। প্রতিষ্ঠানটিতে পোড়া তেল ব্যবহার করে খাবার প্রস্তুত, বাসি গ্রিল, কাঁচা মাছ ও মাংস একসঙ্গে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে চাটগাঁও রান্নাঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ফ্রিজে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর উপায়ে বিভিন্ন খাদ্যসামগ্রী সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ভ্যালেন্সিয়া ফুড কর্নারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

সিএক্স/রয়েল