কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যাওয়ার ঘটনায় তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পিএবি সড়কের বড়উঠান ডাকপাড়া এলাকায় শরাফত অ্যান্ড ব্রাদার্স পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাঁশখালী উপজেলার আক্তার হোসেন (৪২), হামিরচর এলাকার রাসেল (৩৫) এবং পেকুয়া উপজেলার বাহাদুর (৩৮)। তারা সবাই দুর্ঘটনাকবলিত ট্রাকের শ্রমিক।
স্থানীয়দের দাবি, যানবাহনে ধারণক্ষমতার বাইরে অতিরিক্ত মালামাল বহনের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইসমাইল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে রডের নিচে চাপা পড়া তিনজনকে ১৫ মিনিটের মধ্যে জীবিত উদ্ধার করি। একইসঙ্গে সড়কের যান চলাচলও স্বাভাবিক করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।






