চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ লালখান বাজারে, উদ্বোধন করলেন ভূমি প্রতিমন্ত্রী

২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৩৭.৮ ফুট দীর্ঘ সেতুতে চারটি প্রবেশপথ | দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে নিরাপদ পারাপারের নতুন প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরের ব্যস্ততম লালখান বাজার মোড়ে নির্মিত নতুন ফুটওভার ব্রিজকে নগরের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ পথচারী পারাপার ব্যবস্থা হিসেবে অভিহিত করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে জনসাধারণের ব্যবহারের জন্য ব্রিজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বাস্তবায়নাধীন শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় লালখান বাজার মোড়সংলগ্ন এলাকায় ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছে।

‘কথা কম, কাজ বেশি’ উন্নয়ন কার্যক্রমে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন দর্শনের মূল কথা হচ্ছে কথার চেয়ে কাজের গুরুত্ব বেশি। তাঁর নির্দেশনা ও পরিকল্পনা অনুসরণ করে চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে।

এ সময় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের কর্মতৎপরতার প্রশংসা করে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সিডিএ চেয়ারম্যান চট্টগ্রামের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। নগরের পরিবর্তন আনতে তাঁকে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে দেখা যাচ্ছে।

নবনির্মিত ফুটওভার ব্রিজটি চালুর মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামবাসীর প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পের প্রস্তাব এলে তিনি নিজ দায়িত্বে সেগুলো অনুমোদনের ব্যবস্থা করতে সহযোগিতা করবেন।

এ সময় রাজনৈতিক বক্তব্যে তিনি আরও বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশ ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র কিংবা অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে চট্টগ্রামে দলের নেতাকর্মীরা তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছেন।

দীর্ঘদিনের দাবির পর বাস্তবায়ন হলো ফুটওভার ব্রিজ

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, লালখান বাজার ও ইস্পাহানি মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল। এ দাবিতে বর্তমান প্রধান অতিথির নেতৃত্বেও একসময় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল। অবশেষে ব্রিজটি চালুর মাধ্যমে এলাকাবাসীর সেই প্রত্যাশা বাস্তব রূপ পেয়েছে।

তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী সিডিএর বাস্তবায়িত শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক, আউটার রিং রোড এবং কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়ক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এসব বৃহৎ অবকাঠামো প্রকল্প চালু হলে চট্টগ্রামের যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

নগরকে পরিকল্পিত ও বাসযোগ্য করে গড়ে তুলতে নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে সিডিএ চেয়ারম্যান বলেন, অতীতে দীর্ঘ সময় ধরে নগরে নানা ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা চলেছে। খাল-নালা দখল করে ভবন ও মার্কেট নির্মাণের মতো কর্মকাণ্ড নগরের স্বাভাবিক পরিবেশ ও পানি নিষ্কাশন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। চট্টগ্রামকে সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক নগরে রূপ দিতে এসব অনিয়ম বন্ধের পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন।

২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ১৩৭.৮ ফুট দীর্ঘ ব্রিজ

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অর্থায়নে নির্মিত ফুটওভার ব্রিজটির দৈর্ঘ্য ১৩৭.৮ ফুট। সিঁড়ির প্রস্থ ৮ ফুট এবং মূল সড়ক থেকে এর উচ্চতা ১৮ ফুট। নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা।

পথচারীদের চলাচল আরও সহজ করতে ব্রিজটির চারপাশে ওঠানামার জন্য চারটি প্রবেশ ও বের হওয়ার পথ রাখা হয়েছে। ফলে মোড়ের বিভিন্ন দিক থেকে আসা মানুষকে দীর্ঘ পথ ঘুরে পারাপার হতে হবে না।

দুর্ঘটনার পর জোরালো হয়েছিল নিরাপদ পারাপারের দাবি

নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের সংযোগস্থল হওয়ায় লালখান বাজার মোড় প্রতিদিনই যানবাহন ও পথচারীদের ব্যাপক চলাচলে ব্যস্ত থাকে। দীর্ঘদিন ধরে এখানে নিরাপদে সড়ক পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি ছিল।

২০২২ সালের ১২ ডিসেম্বর মিনিবাসের ধাক্কায় স্কুলশিক্ষক ফারহানা ও তাঁর মেয়ে সায়কা দুর্ঘটনার শিকার হন। পরবর্তী সময়ে ২০২৩ সালের ২৪ জানুয়ারি প্রাইভেট কারের ধাক্কায় এক তরুণী আহত হন। এসব ঘটনার পর এলাকাটিতে নিরাপদ পথচারী পারাপারের ব্যবস্থা নিশ্চিত করার দাবি আরও জোরালো হয়ে ওঠে।

এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে ইস্পাহানি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনও এলাকাবাসীর দাবির প্রতি সংহতি প্রকাশ করেছিলেন।

দীর্ঘদিনের দাবি, জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় ফুটওভার ব্রিজটি চালু হওয়াকে স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে উপস্থিত ছিলেন সিডিএ সচিব নুর-এ জান্নাত রুমিসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নতুন ফুটওভার ব্রিজ চালুর ফলে লালখান বাজার মোড়ে পথচারীদের নিরাপদে সড়ক পারাপারের সুযোগ তৈরি হয়েছে। তবে অবকাঠামো নির্মাণের পাশাপাশি এর নিয়মিত রক্ষণাবেক্ষণ, পর্যাপ্ত আলোকসজ্জা, নিরাপত্তা এবং পথচারীদের ব্যবহার নিশ্চিত করাও জরুরি। তাহলেই প্রকল্পটির প্রকৃত সুফল নগরবাসীর কাছে পৌঁছাবে।

সিএক্স/রয়েল