চার দিন গ্যাস বন্ধের খবর গুজব, সরবরাহ কমতে পারে ১২.৫ শতাংশ: পেট্রোবাংলা

সামিটের এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ, ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত কমতে পারে গ্যাসের চাপ

নিজস্ব প্রতিবেদক:

আগামী চার দিন সারাদেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে পেট্রোবাংলা। সংস্থাটি বলছে, গ্যাস সরবরাহ বন্ধ নয়, বরং একটি এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণের কারণে জাতীয় গ্রিডে গ্যাসের পরিমাণ সাময়িকভাবে কমতে পারে।

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কার্যক্রমকে কেন্দ্র করে কিছু সংবাদমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার তথ্য ছড়ানো হচ্ছে। সংস্থাটির দাবি, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত সামিট পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে গ্যাসে রূপান্তর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের পরিমাণ কমে আসবে।

বর্তমানে দেশে দৈনিক গ্যাস সরবরাহ প্রায় ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট। রক্ষণাবেক্ষণ চলাকালে তা কমে প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াতে পারে। অর্থাৎ প্রতিদিন প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমবে, যা মোট সরবরাহের প্রায় ১২ দশমিক ৫ শতাংশ।

এর প্রভাব হিসেবে দেশের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কমে যেতে পারে। তবে জাতীয় পর্যায়ে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে না বলে স্পষ্ট করেছে সংস্থাটি।

এর আগে পেট্রোবাংলা জানিয়েছিল, রক্ষণাবেক্ষণের সময় জাতীয় গ্রিডে এলএনজি থেকে গ্যাস সরবরাহ দৈনিক ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। ফলে আবাসিক গ্রাহকদের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা ও সার উৎপাদনেও সরবরাহজনিত চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, দেশে আমদানি করা এলএনজি জাতীয় গ্রিডে যুক্ত করার জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর একটি পরিচালনা করছে সামিট গ্রুপ এবং অন্যটি যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জি। সামিটের টার্মিনালের দৈনিক গ্যাস সরবরাহ সক্ষমতা ৫০০ মিলিয়ন ঘনফুট এবং এক্সিলারেট এনার্জির সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট।

দেশীয় গ্যাসক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাসের পাশাপাশি এই দুটি টার্মিনালের মাধ্যমে আমদানি করা এলএনজি প্রক্রিয়াজাত করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। সেখান থেকেই বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা, সার কারখানা ও আবাসিক খাতে গ্যাস পৌঁছে দেওয়া হয়।

এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ফটোকার্ড বা অসমর্থিত তথ্যে আতঙ্কিত না হয়ে পেট্রোবাংলার আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সিএক্স/রয়েল