নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাসির উদ্দিন অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাবার দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
পরিবারের পক্ষ থেকেও বর্ষীয়ান এই রাজনীতিবিদের দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। তাঁর অসুস্থতার খবর জানাজানি হওয়ার পর রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও অনুসারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই তাঁর সুস্থতা কামনা করে দোয়া করছেন।
এর আগে, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর অসুস্থতাজনিত কারণে রাজধানীর একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন মীর নাসির উদ্দিন। সে সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) স্থানান্তর করা হয়েছিল। তখন তাঁর ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে অভিষেক
চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে পরিচিত মুখ মীর মোহাম্মদ নাসির উদ্দিনের রাজনৈতিক পথচলা শুরু হয় ১৯৭৭ সালের প্রথম দিকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে যুক্ত হওয়ার পর দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। সাংগঠনিক দায়িত্বের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।
মেয়র থেকে প্রতিমন্ত্রী, কূটনৈতিক দায়িত্বেও অভিজ্ঞতা
১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন মীর নাসির উদ্দিন। স্থানীয় সরকার ব্যবস্থাপনায় দায়িত্ব পালনের পর জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ অবস্থানে আসেন তিনি। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠনের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি কূটনৈতিক অঙ্গনেও তাঁর অভিজ্ঞতা রয়েছে। তিনি রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
চট্টগ্রামের নগর প্রশাসন থেকে জাতীয় রাজনীতি এবং কূটনৈতিক পরিমণ্ডল বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই প্রবীণ রাজনীতিবিদের অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। পরিবারের পাশাপাশি তাঁর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দ্রুত সুস্থতা কামনা করছেন।
সিএক্স/রয়েল






