বিএনপির পুরোনো নেতাদের অবমূল্যায়ন নয়, নিরপেক্ষদেরও সঙ্গে নিতে হবে: বিজন কান্তি সরকার

চট্টগ্রামে হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভায় বক্তব্য, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ মুখ্যসচিবের

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার পাশাপাশি নিরপেক্ষ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের গ্রহণযোগ্য ব্যক্তিদেরও সঙ্গে নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এবং বাংলাদেশ হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার।

তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যাঁরা সংগঠন ও দলের জন্য কাজ করেছেন, তাঁদের অবদানকে উপেক্ষা করা যাবে না। একই সঙ্গে বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজন কান্তি সরকার বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে আগে থেকেই যুক্ত নেতাকর্মীরা যেন তাঁদের প্রাপ্য সম্মান ও মূল্যায়ন পান, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দলীয় রাজনীতির বাইরে থাকা নিরপেক্ষ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদেরও সম্পৃক্ত করতে হবে। তাঁদের সামাজিক অবস্থান ও গ্রহণযোগ্যতাকেও গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, এসব সম্প্রদায়ের মানুষ ভোট দিয়েছেন। তাঁদের আস্থা ও ভোটের মর্যাদা রক্ষা করতে হলে সম্মানজনক আচরণ নিশ্চিত করা জরুরি। তবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ নেই।

রাজনীতির অন্তর্ভুক্তিমূলক চরিত্র তুলে ধরে বিজন কান্তি সরকার বলেন, নির্বাচনে জয়ী হওয়ার পর জনপ্রতিনিধিদের সবার জন্য কাজ করতে হয়। দলীয় আদর্শ বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র ও জনগণের প্রতি দায়িত্ব পালন করতে হবে। বিভিন্ন শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করাই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মূল লক্ষ্য।

গণতান্ত্রিক পরিবেশের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্রের চর্চা ও অনুকূল রাজনৈতিক পরিবেশ ছাড়া মানুষের প্রত্যাশা পূরণ করা কঠিন। প্রধানমন্ত্রীও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

সংগঠনের কমিটি গঠন প্রসঙ্গে বিজন কান্তি সরকার জানান, অতীতে প্রতিকূল পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন স্থানে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় সবাইকে নিয়ে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। কমিটিতে সবাই পদ পাবেন না এ কথা উল্লেখ করে তিনি নেতাকর্মীদের হতাশ না হয়ে সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় গুরুত্ব

সভায় উদ্বোধকের বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, আগামী পাঁচ বছর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকার কাজ করবে। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব কার্যক্রমের মাধ্যমে সেই অঙ্গীকারের প্রতিফলন ঘটানোর ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি জানান, নির্বাচনের আগে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় তাঁদের নিরাপত্তা ও সম্মানের সঙ্গে বসবাসের বিষয়টি গুরুত্ব পেয়েছিল। সরকার গঠনের পর এসব সম্প্রদায়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয় দেখভালের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আব্দুস সাত্তার আরও বলেন, দুর্গাপূজায় আর্থিক সহায়তা, পাঁচ দিনের ছুটি এবং দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিয়েও মানুষের প্রত্যাশা রয়েছে। ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে তা তুলে ধরার আহ্বান জানান তিনি। সরকার সেসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবে বলেও আশ্বাস দেন।

ঐক্যবদ্ধ হয়ে সংগঠন শক্তিশালী করার আহ্বান

সভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম কল্যাণ ফ্রন্টের নেতাদের অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, সংগঠনের প্রত্যাশা পূরণ এবং সাংগঠনিক শক্তি বাড়াতে পারস্পরিক বিরোধ দূর করা জরুরি। বিএনপির আন্দোলন-সংগ্রামে কল্যাণ ফ্রন্টের অনেক নেতা সক্রিয় ভূমিকা রেখেছেন। তাঁদের অবদান বিবেচনায় নিয়ে যথাযথভাবে কাজে লাগাতে হবে।

সম্প্রদায়ভিত্তিক উন্নয়ন ও সহযোগিতার প্রসঙ্গ

সভায় বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব বাপ্পী দে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি জানান, প্রতিমন্ত্রী কল্যাণ ফ্রন্টের পাশে থেকে সহযোগিতা করে আসছেন।

বাংলাদেশ হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমালের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অর্জুন কুমার নাথ।

এতে আরও বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুমার বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া, কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি ও বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি চন্দ্রগুপ্ত বড়ুয়া, চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অপু চৌধুরী আকাশ এবং সংগঠনের মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতারা।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সৌরভ প্রিয় পাল, কেন্দ্রীয় সদস্য রয়েল কুমার পাল, রাউজান উপজেলা শাখার সদস্যসচিব প্রণব চৌধুরী মিঠু, বায়েজিদ থানা কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক মিটন রবি দাশ, কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সহ সাংগঠনিক সুকান্ত তালুকদার, কোতোয়ালি থানা শাখার সুব্রত আইচ, চান্দগাঁও থানা শাখার বাবলু দেবনাথ, দক্ষিণ জেলা কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক রিগ্যান নন্দী, পটিয়া উপজেলা শাখার সদস্যসচিব মান্না দেব, সাজু কান্তি দেবসহ বিভিন্ন উপজেলা ও সাংগঠনিক শাখার নেতাকর্মীরা।

অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রত্যাশা

সভায় বক্তাদের বক্তব্যে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সামাজিক মর্যাদা, রাজনৈতিক অংশগ্রহণ এবং সাংগঠনিক ঐক্যের বিষয়গুলো গুরুত্ব পায়। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত নেতাদের মূল্যায়নের পাশাপাশি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করার যে আহ্বান জানানো হয়েছে, তা বাস্তবায়নে স্বচ্ছ সাংগঠনিক প্রক্রিয়া ও পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সিএক্স/রয়েল