আটক দুই নারী হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার হালুয়াপাড়া গ্রামের জুনাইদ হোসেনের স্ত্রী বিলকিস আক্তার (২০) এবং লাখাই উপজেলার মৌশাদিয়া গ্রামের শাকির হোসেনের স্ত্রী মিনা আক্তার (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মন্দিরে মহানামযজ্ঞ উপলক্ষে বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়। এ সময় অভিযুক্ত দুই নারী হাতে শাঁখা ও কপালে সিঁদুর পরে সনাতন ধর্মাবলম্বীর ছদ্মবেশে অনুষ্ঠানে অংশ নেন। প্রসাদ বিতরণের সময় তারা এক নারী ভক্তের গলা থেকে সোনার চেইন চুরির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে উপস্থিত ভক্তরা তাদের হাতেনাতে আটক করেন। পরে স্থানীয়রা তাদের মানিকগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার বলেন, মহানামযজ্ঞ চলাকালে শত শত ভক্তের উপস্থিতিতে এক নারী ভক্তের স্বর্ণের চেইন চুরির চেষ্টার সময় দুই নারীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের পুলিশে দেওয়া হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক নারীদের বিরুদ্ধে কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ না দেওয়ায় তাদের ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে চুরির ঘটনার কোনো আলামত উদ্ধার করা যায়নি বলেও জানান তিনি।






