নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরের হালিশহর থানার উত্তর আগ্রাবাদ এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত আনুমানিক ৯টার দিকে রমনা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত একটি বৈঠকে অংশ নিয়েছিলেন ছায়েদুর রহমান। বৈঠকে তাঁকে স্বাভাবিকই দেখা গেছে বলে জানান সহকর্মীরা। তবে গত দুই থেকে তিন মাস ধরে কর্মস্থলে তিনি তুলনামূলকভাবে চুপচাপ থাকতেন বলে তাঁদের ভাষ্য।
বৈঠক শেষে বাসায় ফেরার পর তিনি নিজ কক্ষে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানো হয়।
খবর পেয়ে হালিশহর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
তবে প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ ছায়েদুর রহমান তিন মেয়ের বাবা ছিলেন। তার বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে চিকিৎসাশাস্ত্রে (এমবিবিএস) পড়াশোনা করছেন। তারা দুজন ঢাকায় থাকেন। মেজ মেয়ে চিকিৎসক। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।
সিএক্স/রয়েল






