চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তা মাথা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির জন্য রাখা এবং শিল্পকারখানায় ব্যবহৃত লবণ দিয়ে খাবার প্রস্তুতের অভিযোগে তিনটি রেস্তোরাঁকে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১১ আগস্ট) কাপ্তাই রাস্তা মাথা এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে গোল্ডেন ব্রিজ রেস্টুরেন্টে খাবার তৈরি ও সংরক্ষণের ক্ষেত্রে চরম অপরিচ্ছন্নতা দেখা যায়। পাশাপাশি ফ্রিজে মেয়াদোত্তীর্ণ দধি, বাসি গ্রিল এবং আগে রান্না করা মাংস বিক্রির জন্য সংরক্ষণ করে রাখার প্রমাণ মেলে। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ক্যাফে আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়া যায়। ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে বাসি তরকারি ও রান্না করা মাংস রাখা ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া হাজির চুইঝাল ওরস বিরিয়ানি ও মেজবান বাড়িতে অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে খাবার তৈরিতে সাধারণ ভোজ্য লবণের পরিবর্তে শিল্পকারখানায় ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের অভিযোগও পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।
সিএক্স/রয়েল






