চট্টলা ডেক্স:
অনলাইনে কেনাবেচা কিংবা ব্যক্তিগত প্রয়োজনে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কম খরচে দ্রুত পার্সেল পাঠানোর সুযোগ দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের ‘স্পিডপোস্ট’ সেবা। বিশেষ করে অনলাইনভিত্তিক ছোট ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের জন্য সেবাটি হতে পারে সাশ্রয়ী একটি বিকল্প।
ডাক বিভাগের তথ্য অনুযায়ী, স্পিডপোস্টে দেশের যেকোনো স্থানে প্রথম ১ কেজি পার্সেল পাঠাতে খরচ মাত্র ১০ টাকা। এরপর অতিরিক্ত প্রতি কেজির জন্য মাশুল দিতে হবে ৫ টাকা করে। একটি পার্সেলের সর্বোচ্চ ওজন নির্ধারণ করা হয়েছে ৩০ কেজি।
কত সময়ে পৌঁছাবে পার্সেল?
ডাক বিভাগের নির্ধারিত সময় অনুযায়ী, জেলা শহর থেকে ঢাকায় পার্সেল পৌঁছাতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগার কথা। এক জেলা শহর থেকে অন্য জেলা শহরে পাঠানো পার্সেলের ক্ষেত্রে সর্বোচ্চ সময় ধরা হয়েছে ৪৮ ঘণ্টা।
তবে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় পার্সেল পৌঁছাতে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
কী কী পণ্য পাঠানো যাবে?
স্পিডপোস্টের মাধ্যমে শুকনা খাবার, মধু, তেলসহ বিভিন্ন ধরনের পণ্য পাঠানোর সুযোগ রয়েছে। অনলাইন ব্যবসার পণ্য কিংবা ব্যক্তিগত প্রয়োজনের সামগ্রীও নির্ধারিত নিয়ম মেনে এই সেবার আওতায় পাঠানো যায়।
পার্সেল বুকিংয়ের জন্য নির্দিষ্ট কোনো একটি ডাকঘরে যেতে হবে না। দেশের জিপিও, প্রধান ডাকঘর, উপজেলা ডাকঘর, টাউন সাব-পোস্ট অফিস, সাব-পোস্ট অফিস, আরএমএস বুকিং কাউন্টার এবং ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস থেকে স্পিডপোস্টের পার্সেল বুক করা যায়।
পার্সেল পাঠানোর নিয়ম কী?
স্পিডপোস্টে পার্সেল পাঠাতে প্রথমে নিকটস্থ ডাকঘরে গিয়ে পণ্যটি যথাযথভাবে প্যাকেজিং করতে হবে। এরপর প্রাপকের নাম, ঠিকানা ও গন্তব্যের প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ধারিত মাশুল পরিশোধ করতে হবে।
বুকিং সম্পন্ন হলে গ্রাহককে ট্র্যাকিং নম্বরসহ রসিদ দেওয়া হয়। ওই নম্বর ব্যবহার করে অনলাইনে পার্সেলটি বর্তমানে কোথায় রয়েছে, তা জানা যায়।
এ ছাড়া বুকিংয়ের আগেই সম্ভাব্য খরচ সম্পর্কে ধারণা নিতে ডাক বিভাগের অনলাইন মাশুল ক্যালকুলেটর ব্যবহার করা যায়।
শুক্রবার বন্ধ বুকিং ও ইস্যু কার্যক্রম
ডাক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি শুক্রবার স্পিডপোস্টের বুকিং ও ইস্যু কার্যক্রম বন্ধ থাকে।
অন্যদিকে রাজধানীতে ঢাকা জিপিওসহ ২১টি সাব-পোস্ট অফিসে সরাসরি পার্সেল ডেলিভারি গ্রহণের ব্যবস্থা রয়েছে।
কম খরচে দ্রুত পার্সেল পরিবহনের এই সুবিধা অনলাইন ব্যবসা পরিচালনাকারীসহ সাধারণ মানুষের জন্য কার্যকর হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্পিডপোস্টের মাশুল, বুকিং, ট্র্যাকিংসহ অন্যান্য তথ্য বাংলাদেশ ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
সিএক্স/রয়েল






