কলা চুরির প্রতিবাদে অ্যাডভোকেট ক্লার্কস নেতাকে পিটিয়ে হত্যা, পটিয়ায় চাঞ্চল্য

পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করায় অ্যাডভোকেট ক্লার্কস নেতাকে পিটিয়ে হত্যা!

নিজস্ব প্রতিবেদক । চট্টলা এক্সপ্রেস

চট্টগ্রামের পটিয়ায় নিজ বাড়ির গাছের কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়ে নিহত হয়েছেন পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহা (৪৫)। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে, তবে অভিযুক্ত পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তোহার বাড়ির গাছ থেকে কলা চুরিকে কেন্দ্র করে প্রতিবেশী এজাহার মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় প্রতিপক্ষের লোকজন মোহাম্মদ তোহাকে বেধড়ক মারধর করে এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত এজাহার মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৯)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে অভিযুক্ত পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক উল্লাহ বলেন, প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, কলা চুরির প্রতিবাদ করাকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিএক্স/রয়েল