চট্টগ্রামে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ, চাকরি হারালেন প্রায় ৪ হাজার কর্মকর্তা-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক | চট্টলা এক্সপ্রেস

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম গ্রুপের সব শিল্পপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন কারখানার কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (১ আগস্ট) থেকে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারী চাকরি হারিয়েছেন।

কাঁচামাল সংকট ও আর্থিক জটিলতার প্রভাব

প্রতিষ্ঠান-সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাঁচামালের সংকট, এলসি (লেটার অব ক্রেডিট) খুলতে না পারা এবং ব্যাংক হিসাব জব্দসহ বিভিন্ন আর্থিক জটিলতার কারণে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। এসব কারণেই শেষ পর্যন্ত কারখানাগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একসঙ্গে শতাধিক শ্রমিক-কর্মকর্তাকে অব্যাহতি

এস আলম সুগারের শিফট ইনচার্জ প্রকৌশলী মো. হাসমত আলী বলেন, কাঁচামালের সংকটের কারণে গত প্রায় দুই বছর ধরে কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। এ সময় উৎপাদন না থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় কর্মীদের অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি জানান, শুধু এস আলম সুগার থেকেই একসঙ্গে ৩৮৬ জন কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের প্রাপ্য বেতন-ভাতা ও অবসর সুবিধা পরিশোধ করা হচ্ছে। এর আগে বিভিন্ন ধাপে আরও কর্মী ছাঁটাই করা হয়েছিল।

যেসব প্রতিষ্ঠান বন্ধ

কর্ণফুলীতে বন্ধ হওয়া এস আলম গ্রুপের প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে  এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস (এনওএফ), এস আলম স্টিল এবং এস আলম ব্যাগ।

নোটিশ দিয়ে কার্যকর করা হলো সিদ্ধান্ত

শ্রমিকদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন কারখানার নোটিশ বোর্ডে চাকরি থেকে অব্যাহতির তালিকা টানিয়ে দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে।

কর্তৃপক্ষের বক্তব্য

এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রফিকুল ইসলাম বলেন, কারখানার সব ধরনের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। তাই কর্তৃপক্ষ কর্মরতদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সিএক্স/রয়েল