আইনশৃঙ্খলা থেকে উন্নয়ন, ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ

চট্টলা এক্সপ্রেস ডেক্স:

দেশের ৬৪ জেলায় সরকারের প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকির জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তদের কেউ একটি জেলার দায়িত্ব পেয়েছেন, আবার কারও ওপর রয়েছে একাধিক জেলার তদারকির দায়িত্ব।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা সংশ্লিষ্ট জেলাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান বন্ধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় পরামর্শ ও তদারকি করবেন।

এ ছাড়া সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতিও তারা পর্যবেক্ষণ করবেন। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট জেলার বিভিন্ন প্রশাসনিক ও সমন্বয় সভায় অংশ নিয়ে পরামর্শ দেওয়ার সুযোগও থাকবে তাদের।

কোন জেলার দায়িত্ব কার

দায়িত্ব বণ্টনের তালিকা অনুযায়ী, ইকবাল হাসান মাহমুদ রাজশাহী ও নাটোর, আবু জাফর মো. জাহিদ হোসেন লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় এবং আবদুল আউয়াল মিন্টু লক্ষ্মীপুর জেলার দায়িত্ব পেয়েছেন।

নিতাই রায় চৌধুরী চুয়াডাঙ্গা এবং খন্দকার আবদুল মুক্তাদির হবিগঞ্জ জেলার দায়িত্বে থাকবেন। আরিফুল হক চৌধুরী পেয়েছেন মৌলভীবাজার জেলার দায়িত্ব।

চট্টগ্রাম জেলার দায়িত্ব দেওয়া হয়েছে মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে। এম রশিদুজ্জামান মিল্লাত দেখবেন শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা। আসাদুল হাবিব দুলু ঠাকুরগাঁও ও দিনাজপুর এবং মো. আসাদুজ্জামান খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার দায়িত্ব পালন করবেন।

জাকারিয়া তাহের ফেনী ও নোয়াখালী, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ এবং সাচিং প্রু কক্সবাজার জেলার দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে মো. শরীফুল আলম টাঙ্গাইল ও নরসিংদী জেলার দায়িত্বে থাকবেন।

শামা ওবায়েদ ইসলাম মাদারীপুর ও শরীয়তপুর, অনিন্দ্য ইসলাম অমিত মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ এবং আব্দুল বারী বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্ব পেয়েছেন। সুলতান সালাউদ্দিন দায়িত্ব পেয়েছেন ঢাকা জেলার।

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি এর তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে

এ ছাড়া হাবিবুর রশিদ গাজীপুর ও নারায়ণগঞ্জ, মো. রাজীব আহসান বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর এবং মীর শাহে আলম রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের দায়িত্ব পেয়েছেন।

ফারজানা শারমিন সিরাজগঞ্জ ও পাবনা, শেখ ফরিদুল ইসলাম যশোর, মাগুরা ও নড়াইল এবং ইমরান খান চৌধুরী জামালপুর ও কিশোরগঞ্জ জেলার দায়িত্বে থাকবেন। আহমেদ সোহেল মঞ্জুর বরিশাল, ভোলা ও ঝালকাঠির দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া মোহাম্মদ শামীম কায়সার জয়পুরহাট ও নওগাঁ, মো. জি কে গউছ সিলেট ও সুনামগঞ্জ এবং মিয়া নূরুদ্দিন আহমেদ রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার দায়িত্ব পেয়েছেন।

এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার তদারকির দায়িত্ব পালন করবেন।

আইনশৃঙ্খলা ও উন্নয়নে বিশেষ নজর

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বন্ধ, চোরাচালান প্রতিরোধ এবং পুরোনো অপরাধ দমনে দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেবেন।

একই সঙ্গে সরকারি উন্নয়ন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অগ্রগতি কতটা এবং জনগণের জন্য নেওয়া বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির সুফল সাধারণ মানুষ পাচ্ছেন কি না এসব বিষয়ও তদারকির আওতায় থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অতীত সময়ে বিভিন্ন জেলার উন্নয়ন বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ধরনের পরিস্থিতি বিবেচনায় নিয়ে জেলা পর্যায়ে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও প্রশাসনিক সমন্বয় জোরদার করার লক্ষ্যেই নতুন এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।

সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ এবং কার্যপ্রণালি বিধিমালার সংশ্লিষ্ট বিধানের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সিএক্স/রয়েল