অনুমোদন ছাড়া সাংগঠনিক সভায় অংশ নেওয়ার অভিযোগ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ৪ নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

দলীয় অনুমোদন ছাড়া সাংগঠনিক সভায় অংশ নেওয়ার অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের চার নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন সারজিল, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্যসচিব ওমর ফারুক, চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হামিদ হোসেন এবং কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন নাবিল।

রোববার (৯ আগস্ট) রাতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের অনুমোদনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে চট্টগ্রাম মহানগর ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য আল মামুন সাদ্দামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ওই চার নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

তবে পদ স্থগিতের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্যসচিব ওমর ফারুক। তিনি বলেন, তিনি একজন ‘জুলাইযোদ্ধা’ হিসেবে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণপত্র পেয়েছিলেন। একই সঙ্গে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্যসচিব হিসেবেও ওই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাওয়ার অধিকার তার ছিল বলে দাবি করেন তিনি।

ওমর ফারুক আরও বলেন, সভায় অংশ নেওয়ার কারণেই তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে পৌঁছানোর আগেই পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আল মামুন সাদ্দাম বলেন, মহসিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্যসচিবের বিরুদ্ধে সাংগঠনিক বিশৃঙ্খলার অভিযোগে নোট দেওয়া হয়েছে।

তিনি বলেন, রোববারের অনুষ্ঠানে নগর ছাত্রদলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ নির্ধারিত নেতাদের অংশগ্রহণের অনুমতি ছিল। তাদের জন্য নির্দিষ্ট সংখ্যক আমন্ত্রণপত্রও বরাদ্দ করা হয়েছিল। কিন্তু চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা বিভিন্নভাবে আমন্ত্রণপত্র সংগ্রহ করে অনুষ্ঠানে অংশ নেন। বিষয়টিকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করেই চার নেতার সাংগঠনিক পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রোববার (৯ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরের হোটেল র‌্যাডিসন ব্লু বে ভিউতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৬০০ নেতাকর্মী অংশ নেন।

সিএক্স/রয়েল