চট্টলা এক্সপ্রেস ডেক্স:
ভারতে যেতে ভিসা আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এখন থেকে একসঙ্গে ১৫ দিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত করা হবে। আগে একদিনে সাত দিনের স্লট ছাড়ার ব্যবস্থা ছিল।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, আগে প্রতিদিন অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা হতো। এতে বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীদের নানা ধরনের সমস্যায় পড়তে হতো। পরে এক সপ্তাহের স্লট একসঙ্গে উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে পরিস্থিতির উন্নতি হয়েছে।
সেই অভিজ্ঞতার ভিত্তিতে এবার স্লটের সময়সীমা আরও বাড়িয়ে ১৫ দিন করা হয়েছে বলে জানান তিনি।
হাইকমিশনার বলেন, ভিসা আবেদনকারীদের যাতে যতটা সম্ভব কম সমস্যার মুখোমুখি হতে হয়, সেটিই তাদের প্রধান লক্ষ্য। আবেদন প্রক্রিয়াকে আরও সুবিধাজনক করতেই প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনা হচ্ছে।
কখন অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা যাবে?
নতুন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা যাবে।
নতুন এই সিদ্ধান্তের ফলে বিশেষ করে চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য জরুরি প্রয়োজনে ভারতে যেতে ইচ্ছুক বাংলাদেশি আবেদনকারীদের ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
সিএক্স/রয়েল





