সৌদি আরবে কারখানায় ভয়াবহ আগুন, নওগাঁর আত্রাইয়ের ৭ প্রবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

নিহতদের মধ্যে রয়েছেন বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন (৩৫) এবং চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ (২৭)

স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের এসব প্রবাসী সৌদি আরবে গিয়ে রিয়াদের মানফুয়া এলাকার ওই কারখানায় কর্মরত ছিলেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে আত্রাই উপজেলারই সাতজন রয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ছাড়া কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মৃত গুফফার প্রামাণিকের ছেলে মহুন প্রামাণিক (৪২), সুমুন প্রামাণিক, জান্নার ছেলে রুবেল হোসেন (৩০) এবং ফজলুর প্রামাণিকের ছেলে কলি প্রামাণিক (৩৫) মারা গেছেন। পারকাসুন্দা গ্রামের **আব্দুল জলিল (৩৮)**ও নিহত হয়েছেন।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে আত্রাই উপজেলার সাতজন। নিহতদের মধ্যে গন্ডগোহালি গ্রামের চারজন, ডুবাই গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন।

তিনি জানান, নিহতের সংখ্যা নিয়ে এখনো পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। নতুন তথ্য পাওয়া গেলে হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।

সিএক্স/রয়েল