জলবায়ু সহনশীলতা, পরিবেশ সুরক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিতে ইউএনডিপির সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা
চট্টলা এক্সপ্রেস ডেক্স:
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের জন্য নাগরিক সেবা নিশ্চিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ভূমিধসের ঝুঁকি হ্রাস, জলাধার সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে।
রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখা এবং দুর্গম জনপদে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। পাহাড়ের মানুষের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জলবায়ু সহনশীলতা, কৃষির আধুনিকায়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং স্থানীয় পর্যায়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগাতে পরিবেশবান্ধব পর্যটন বা ইকো-ট্যুরিজমের বিকাশ, বনায়ন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রয়োজন। এসব ক্ষেত্রে ইউএনডিপিকে সরকারের উন্নয়ন উদ্যোগের সঙ্গে সমন্বয় রেখে সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
বৈঠকে ইউএনডিপি প্রতিনিধিদল পার্বত্য চট্টগ্রামে তাদের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। তারা জানায়, পাহাড়ের দুর্গম এলাকায় টেকসই কৃষি, উদ্যানপালন, মৎস্য চাষ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। পাশাপাশি পাড়া উন্নয়ন কমিটি (পিডিসি) গঠনের মাধ্যমে স্থানীয় জনগণকে নিজেদের এলাকার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সরাসরি সম্পৃক্ত করা হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, ভূমিধসের ঝুঁকি কমানো এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণেও কমিউনিটিভিত্তিক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সংস্থাটি। এ ছাড়া পাহাড়ি নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা, স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ বাড়ানো এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরির কার্যক্রমও পরিচালিত হচ্ছে বলে প্রতিনিধিদল জানায়।
পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নে সরকারের অগ্রাধিকারের সঙ্গে ইউএনডিপির চলমান কর্মসূচির সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সুশাসন, পর্যটন শিল্পের আধুনিকায়ন, জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলা ও নারী ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইউএনডিপির দীর্ঘদিনের সহযোগিতা প্রশংসনীয়। ভবিষ্যতেও এ অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে ইউএনডিপির বাংলাদেশ কার্যালয়ের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টিফেন রডরিকস এন্থনি, ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার মো. আসাদুজ্জামান, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার ইয়্যুগেস প্রধানাং এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সিএক্স/রয়েল






