‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার বার্তা’, এসপির ফোনে কী পেয়েছে পুলিশ?

‘জান বাজি রেখে মাঠে নামার’ কথাও রয়েছে মুঠোফোনে | রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের কারণ জানাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ লক্ষ্য বাস্তবায়নে ‘জান বাজি রেখে’ মাঠে নামার বার্তাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মুঠোফোনে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এসব তথ্যের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা এবং গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য তুলে ধরেন।

ফোনে পাওয়া গেছে দুটি গুরুত্বপূর্ণ বার্তা

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোন পরীক্ষা করে দুটি বিশেষ বার্তার তথ্য পাওয়া গেছে। এর একটি বার্তায় ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসনের পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে। অন্য বার্তায় ডিসেম্বর মাসে সবাইকে ‘জান বাজি রেখে’ মাঠে নামার আহ্বান জানানো হয়েছে।

ডিআইজি বলেন, এসব বার্তার বিষয়বস্তু মামলার এজাহারেও অন্তর্ভুক্ত করা হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এসপি জাহাঙ্গীরের যোগাযোগের অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করে পুলিশ।

প্রাথমিক অনুসন্ধানের পর নিয়মিত মামলা

পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পুলিশের সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

এ ছাড়া এসপি জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ বিভাগের অন্য কোনো কর্মকর্তা এই ঘটনার সঙ্গে জড়িত কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, পূর্ণাঙ্গ তদন্ত শেষ হলেই বিষয়টি স্পষ্ট হবে। নিয়মিত মামলার তদন্তের পাশাপাশি বিভাগীয় তদন্তেও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে যেসব তথ্যের সত্যতা পাওয়া গেছে, সেগুলোর ভিত্তিতেই প্রাথমিক আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তদন্তের মাধ্যমে পুরো ঘটনার বিস্তারিত চিত্র বেরিয়ে আসবে।

যেভাবে পরীক্ষা করা হয় মুঠোফোন

এসপি জাহাঙ্গীরের ফোনে থাকা বার্তাগুলোর তথ্য কীভাবে সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে ডিআইজি জানান, নির্ভরযোগ্য সূত্র থেকে অভিযোগ পাওয়ার পর তাঁর মুঠোফোন জব্দ করা হয়। এরপর একটি তদন্ত কমিটি গঠন করে ফোনটির ফরেনসিক পরীক্ষা সম্পন্ন করা হয়।

ফরেনসিক পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর প্রতিবেদন প্রস্তুত করা হয়। এর ভিত্তিতেই মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম শুরু হয় বলে জানান তিনি।

কে এই পুলিশ কর্মকর্তা?

মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সিএক্স/রয়েল