ডারউইনে ইতিহাস গড়ল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়

চট্টলা এক্সপ্রেস ডেক্স:

সন্ধ্যার আবছা আলো তখন নেমে এসেছে ডারউইনের মারারা স্টেডিয়ামে। গ্যালারি প্রায় ফাঁকা। কিন্তু বাংলাদেশের ডাগআউট থেকে ভেসে আসছিল বিজয়ের গান। অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমে যে ঐতিহাসিক জয় বাংলাদেশ তুলে নিয়েছে, তার আনন্দ যেন ছড়িয়ে পড়েছিল পুরো ডারউইনে।

জয়ের পরও বাংলাদেশের উদ্‌যাপনে ছিল সংযমের ছাপ। জয়সূচক রান করা মুমিনুল হকও বড় কোনো উচ্ছ্বাস প্রকাশ করেননি। ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে করমর্দনের পর মিরাজ ও মুশফিকদের স্মারক হিসেবে স্টাম্প তুলে নেওয়ার দৃশ্যই বলে দিচ্ছিল এই জয় বাংলাদেশের ক্রিকেটে কতটা বিশেষ।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ এর আগে তিনটি টেস্ট খেললেও জয় ছিল অধরা। ২০০৩ সালের সফরে দুটি টেস্টেই পরাজিত হয়েছিল টাইগাররা। এবার ডারউইনে সেই অপেক্ষার অবসান হলো।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয় এসেছিল ২০১৭ সালে মিরপুরে। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত টেস্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।

১,০৭৫ উইকেটের অভিজ্ঞতার ব্যবধান পেরিয়ে জয়

ডারউইন টেস্ট শুরুর আগে দুই দলের বোলারদের মোট উইকেটের ব্যবধান ছিল ১ হাজার ৭৫টি। এত বড় অভিজ্ঞতার ব্যবধান থাকা সত্ত্বেও প্রতিপক্ষকে হারানোর ঘটনা টেস্ট ইতিহাসে বিরল।

এর আগে এমন ঘটনা দেখা গেছে মাত্র দুবার ২০২৪ সালে পার্থে ভারত-অস্ট্রেলিয়া টেস্টে ১,২৪৭ উইকেট এবং চলতি বছর ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টেস্টে ১,১১১ উইকেটের ব্যবধান ছিল।

পেসারদের দুর্দান্ত দাপট

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১০টি উইকেটই তুলে নেন বাংলাদেশের পেসাররা। পুরো ম্যাচে টাইগার পেসারদের শিকার ১৪ উইকেট, যা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেসারদের যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।

হাসান মাহমুদের দুর্দান্ত কীর্তি

ম্যাচে ১১১ রানে ৯ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন হাসান মাহমুদ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেসারদের মধ্যে এটি দ্বিতীয় সেরা ম্যাচ বোলিং ফিগার।

প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেটও বাংলাদেশের পেসারদের জন্য তৃতীয় সেরা ইনিংস বোলিং ফিগার। অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক টেস্টে কোনো সফরকারী পেসারের এটি তৃতীয় সেরা বোলিং পারফরম্যান্স।

শান্তর নেতৃত্বেও নতুন মাইলফলক

নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে বিদেশের মাটিতে এটি বাংলাদেশের তৃতীয় টেস্ট জয়। একই সঙ্গে টেস্টে বাংলাদেশের সফলতম অধিনায়ক হিসেবে শান্তর জয় এখন ৯টি। ঘরের মাঠেও ৬টি জয় নিয়ে তিনি বাংলাদেশের সফলতম অধিনায়ক।

কামিন্সের জন্যও বিরল রেকর্ড

ডারউইনের হার প্যাট কামিন্সের অধিনায়কত্বেও একটি বিরল রেকর্ড যোগ করেছে। অস্ট্রেলিয়ার প্রথম অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ছয়টি ভিন্ন দলের বিপক্ষে পরাজয়ের স্বাদ পেলেন তিনি।

ডারউইনের এই জয় তাই শুধু একটি ম্যাচের জয় নয় অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে লেখা হয়ে রইল এক নতুন অধ্যায়।

সিএক্স/রয়েল