ছয় পদে ১৩ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা, ৭৬ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬০ জন, সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের (চমেসাস) ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে আবুল হাসনাত নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নগরীর লাভলেইন এলাকায় সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সমবায় অফিসার ও নির্বাচন কমিটির সভাপতি মো. শফিউল আলম।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহসভাপতি মাহবুবুল মাওলা রিপন, কোষাধ্যক্ষ দিদারুল হক এবং ব্যবস্থাপনা সদস্য এস এম সাইফুদ্দিন তুহিন ও মো. আবদুল করিম।
সমিতির ছয়টি পদের বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৩ জন প্রার্থী। মোট ৭৬ জন ভোটারের মধ্যে ৬০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের পর সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পর অনুষ্ঠিত সাধারণ সভায় সমিতির ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের কল্যাণ এবং সমবায়ের নীতি ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় বক্তব্য দেন চমেসাসের সাবেক নেতা ওসমান গণি মনসুর, শামসুল হক হায়দরী ও মোহাম্মদ শাহনওয়াজ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতা শামসুদ্দিন হারুন ও হোসাইন দিদার। এ ছাড়া বিদায়ী কমিটির সভাপতি মুস্তফা নঈম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ বক্তব্য রাখেন।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলামও সভায় বক্তব্য দেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সমাজসেবা কর্মকর্তা সুমন কুমার বিশ্বাস ও সাইফুল্লাহ চৌধুরী উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বক্তারা সমবায়ের নীতি ও আদর্শ সমুন্নত রেখে সমিতির সদস্যদের স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নতুন নেতৃত্বের কাছে সদস্যদের প্রত্যাশা, সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার পাশাপাশি সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা এবং সদস্য কল্যাণমূলক উদ্যোগকে আরও গতিশীল করা।
সিএক্স/রয়েল






