চট্টগ্রামে এইচএসসির ফলাফলে বড় ধাক্কা, জিপিএ-৫ কমল ৩ হাজারের বেশি, পাসের হার ৫২.০৭%

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই অবনতি হয়েছে। গত বছরের তুলনায় পাসের হার সামান্য কমলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। অভিন্ন প্রশ্নপত্র ও একই মূল্যায়ন পদ্ধতিকে ফলাফলের এই পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে দেখছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৫ সালে পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৯৭ জন। সে হিসাবে এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ১৬৮ জন।

অন্যদিকে, ২০২৪ সালে বোর্ডটিতে পাসের হার ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ২৬৯ জন শিক্ষার্থী। অর্থাৎ দুই বছরের ব্যবধানে ফলাফলে বড় ধরনের পরিবর্তন এসেছে।

শনিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী।

ফলাফল সম্পর্কে তিনি বলেন, গত বছরের তুলনায় এবার পাসের হার প্রায় কাছাকাছি। তবে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ এবং অভিন্ন মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে। ফলে মূল্যায়নের ক্ষেত্রে সামঞ্জস্য বজায় ছিল। এ কারণেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে থাকতে পারে।

তিনি আরও জানান, এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এতে শুরুর দিকের পরীক্ষাগুলোতে পরীক্ষার্থীদের মধ্যে কিছুটা ভীতি কাজ করে থাকতে পারে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েকটি পরীক্ষা স্থগিত হওয়ায় পরীক্ষার ধারাবাহিকতা ব্যাহত হয়েছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে আনতেও সময় লেগে থাকতে পারে।

বোর্ড সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন বলেন, ২০২০ সালে নতুন সিলেবাস ঘোষণার পর এবারই প্রথম শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ সিলেবাসের ভিত্তিতে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। করোনা মহামারিসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের পাঠদান কার্যক্রম সম্পন্ন করতে হয়েছে। ফলে শিক্ষার্থীদের জন্য এবারের পরীক্ষা ছিল একটি বড় চ্যালেঞ্জ।

জিপিএ-৫ কমে যাওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে। শিক্ষা বোর্ড থেকে প্রকৃত কারণ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েকটি পরীক্ষা নির্ধারিত সময়ের বাইরে অনুষ্ঠিত হয়েছে। এসব পরিস্থিতির প্রভাবও বিশ্লেষণ করা দরকার।

ফলাফল ঘোষণার সময় বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

পরীক্ষার্থী ও পাসের পরিসংখ্যান

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৯৬ হাজার ৩৩৫ জন। ফলাফলে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।

জেলাভিত্তিক পাসের হার

এবারের ফলাফলে চট্টগ্রাম মহানগরীর শিক্ষার্থীরা তুলনামূলক ভালো করেছে। নগরীতে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ। মহানগরীর বাইরে চট্টগ্রাম জেলায় পাসের হার ৪৫ দশমিক ৫৯ শতাংশ।

তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৩৩ দশমিক ২৪ শতাংশ, খাগড়াছড়িতে ২৯ দশমিক ৮৫ শতাংশ এবং বান্দরবানে ৪১ দশমিক ৪২ শতাংশ। অন্যদিকে কক্সবাজার জেলায় পাসের হার ৪৩ দশমিক ৩৪ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে এগিয়ে বিজ্ঞান

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৭৪ দশমিক ৪২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ৫৪ দশমিক ১৪ শতাংশ শিক্ষার্থী। আর মানবিক বিভাগে পাসের হার ৩৮ দশমিক ৩৬ শতাংশ।

চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির মোট ২৮৩টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

দুর্যোগে পিছিয়েছে পরীক্ষার সময়সূচি

গত ২ জুলাই দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়। তবে বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়।

পরবর্তীতে ২৭ জুলাই থেকে নিয়মিত সূচি অনুযায়ী পরীক্ষা আবার শুরু হলেও স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয় ২০ আগস্ট থেকে। এই পরীক্ষা কার্যক্রম শেষ হয় ৯ সেপ্টেম্বর।

উল্লেখ্য, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত ২২ বছরের মধ্যে এটি সর্বনিম্ন পাসের হার বলে জানা গেছে।

ফলাফলের পরিসংখ্যান যেমন শিক্ষার বাস্তব চিত্র তুলে ধরেছে, তেমনি জিপিএ-৫ কমে যাওয়ার পেছনের কারণগুলোও গভীরভাবে বিশ্লেষণ করা জরুরি। বিশেষ করে পাঠদানের ধারাবাহিকতা, পূর্ণাঙ্গ সিলেবাস, প্রাকৃতিক দুর্যোগ এবং মূল্যায়ন পদ্ধতির প্রভাব পর্যালোচনা করলেই শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

সিএক্স/রয়েল