“খেলাপি ঋণে শীর্ষে জনতা, রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের বকেয়া প্রায় দেড় লাখ কোটি” অর্থমন্ত্রী

চট্টলা ডেক্স:

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। এসব ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদ সদস্য জানতে চান, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বর্তমানে মোট খেলাপি ঋণের পরিমাণ কত এবং ব্যাংকভিত্তিক চিত্র কী।

জবাবে অর্থমন্ত্রী জানান, ৩০ জুন ২০২৬-এর হিসাব অনুযায়ী রাষ্ট্র-মালিকানাধীন ছয় ব্যাংকের খেলাপি ঋণের সম্মিলিত পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।

কোন ব্যাংকে কত খেলাপি ঋণ

অর্থ মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ সবচেয়ে বেশি জনতা ব্যাংকে। ব্যাংকভিত্তিক পরিসংখ্যান হলো—

জনতা ব্যাংক পিএলসি: ৭৫,৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা

অগ্রণী ব্যাংক পিএলসি: ২৯,০২৯ কোটি ৬৭ লাখ টাকা

রূপালী ব্যাংক পিএলসি: ১৯,২৮১ কোটি ৭৪ লাখ টাকা

সোনালী ব্যাংক পিএলসি: ১৫,০৪৮ কোটি ৩৯ লাখ টাকা

বেসিক ব্যাংক পিএলসি: ৮,১৩১ কোটি ৯ লাখ টাকা

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা

হিসাব অনুযায়ী, ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের প্রায় অর্ধেকই রয়েছে জনতা ব্যাংকে। এককভাবে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

ছয় ব্যাংকের তালিকায় জনতার অবস্থান শীর্ষে

রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণের চিত্রে জনতা ব্যাংকের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। এরপর রয়েছে রূপালী, সোনালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।

সংসদে উপস্থাপিত এই পরিসংখ্যান রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঋণ ব্যবস্থাপনা ও খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জের চিত্র তুলে ধরছে।

৩০ জুন ২০২৬-এর হিসাব অনুযায়ী, ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রায় দেড় লাখ কোটি টাকার খেলাপি ঋণ যার মধ্যে শুধু জনতা ব্যাংকেরই ৭৫ হাজার কোটি টাকার বেশি।

সিএক্স/রয়েল