ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহাল ও কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে কয়েক দিনের আন্দোলন-বিক্ষোভের পর অবশেষে স্বাভাবিক হতে শুরু করেছে গাজীপুরের পোশাকশিল্পের পরিবেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।
চট্টলা এক্সপ্রেস ডেক্স:
সকাল থেকেই কালিয়াকৈর উপজেলার শফিপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা ছাড়াও গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, কোনাবাড়ি, কাশিমপুর ও সালনা শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। কেউ কারখানার নিজস্ব পরিবহনে, আবার কেউ পায়ে হেঁটে কর্মস্থলে পৌঁছান। কারখানার প্রবেশপথগুলোতেও শ্রমিকদের নিয়মিতভাবে ভেতরে প্রবেশ করতে দেখা যায়।
এদিকে শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোট ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার এবং ৮ প্লাটুন এসআরবি দায়িত্ব পালন করছে। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া) আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, সকাল থেকেই শ্রমিকদের সারিবদ্ধভাবে কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বিভিন্ন সময়ে ছাঁটাই হওয়া শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল এবং আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে সম্প্রতি গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে কয়েকটি এলাকায় উত্তেজনা, সংঘর্ষ ও অস্থিরতা ছড়িয়ে পড়ে।
তবে কয়েক দিনের অস্থিরতার পর শ্রমিকদের কাজে ফেরা এবং কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করায় শিল্পাঞ্চলে আপাতত স্বস্তি ফিরেছে। এখন শ্রমিকদের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে কার্যকর সমাধান কতটা এগোয়, তার ওপরই নির্ভর করছে এই শান্তিপূর্ণ পরিবেশ কতটা স্থায়ী হবে।
সিএক্স/রয়েল






